সাভার-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড
শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · সাভার, ঢাকা
প্রকাশ:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক জায়গায় বুঝিয়ে এবং অন্য জায়গায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু কারখানার কর্তৃপক্ষ আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে ১০টি কারখানা বন্ধ ছিল। এর মধ্যে ৭টি কারখানা আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করেছে, ১৩টি কারখানায় শ্রমিকরা কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে এবং মোট ১১টি কারখানায় আজ কোনো কাজ হয়নি। সকালে রেডিও কলোনি, উলাইল, ফুলবাড়িয়া ও হেমায়েতপুর এলাকায় শ্রমিকরা কাজে যোগ দিলেও সকাল সাড়ে আটটার পর বিভিন্ন কারখানা ছুটি ঘোষণা করা হয়।
সকাল নয়টার দিকে হেমায়েতপুর এলাকায় ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানা ছুটি ঘোষণা করলে কিছু শ্রমিক সেখানে যোগ দেন। পুলিশের পক্ষ থেকে হ্যান্ডমাইকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা ধীরে ধীরে এলাকা ত্যাগ করেন। ওই এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সকাল সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টার দিকে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি শান্ত ছিল। তিনি আরও বলেন, কিছু জায়গায় শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলন শান্তিপূর্ণ থাকা পর্যন্ত বল প্রয়োগ করা হবে না। তবে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
পুলিশের তথ্যমতে, চলমান শ্রমিক বিক্ষোভের সময় কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় মোট ২৪টি মামলা হয়েছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এখন পর্যন্ত প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।