ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী
আর্থিক সংকট ও সামাজিক বাধা পেরিয়ে সার্ফিংয়ে নিজেদের স্বপ্ন বুনছে রেনুশাহ ও মাহিমা
কক্সবাজার জেলা প্রতিনিধি · কক্সবাজার
প্রকাশ:
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের কাছে ঝিনুকের মালা বিক্রি করতেন ১৫ বছর বয়সী রেনুশাহ আক্তার। সৈকতে কাজ করার ফাঁকে সার্ফিং দেখতে গিয়েই এই খেলার প্রতি তার প্রবল আগ্রহ তৈরি হয়। একই ধরনের গল্প ১৬ বছর বয়সী মাহিমা আক্তারেরও; সে সৈকতে ডিম বিক্রির ফাঁকে সার্ফিং দেখত এবং একসময় নিজেও জড়িয়ে পড়ে এই খেলার সঙ্গে। আর্থিক সংকট ও সামাজিক বাধা উপেক্ষা করে এগিয়ে চলা এই দুই কিশোরীর লক্ষ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করা। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এই দুই সার্ফারের সঙ্গে কথা হয়।
বিজ্ঞাপন
২০২৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য ছিল মাহিমা। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল সপ্তম স্থান অর্জন করে। এছাড়া ২০২৬ সালে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে মাহিমা।
রেনুশাহ আক্তার কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় রেনুশাহর বয়স যখন সাত বছর, তখন তার বাবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। সংসার চালাতে রেনুশাহর গৃহিণী মা একটি স্বল্প বেতনের চাকরি নেন। মায়ের কষ্ট কমাতে ১০ বছর বয়স থেকেই সৈকতে শামুক-ঝিনুক সংগ্রহ শুরু করে রেনুশাহ। সেগুলো দিয়ে বাড়িতে মালা তৈরি করে পর্যটকদের কাছে বিক্রি করত সে। খালাতো বোন মিলির সঙ্গে সৈকতে গিয়ে সার্ফিং দেখে অনুপ্রাণিত হয় রেনুশাহ। এরপর সে কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবে ভর্তি হয় এবং ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রাশেদ আলমের কাছে টানা পাঁচ বছর ধরে সার্ফিং শিখছে।
রেনুশাহ জানায়, সার্ফিং শুরু করার পর তাকে নানা কটূক্তি শুনতে হয়েছে। সে বলে, 'সার্ফিং শুরু করার পর অনেকেই কটূক্তি করত। বলত, সার্ফিং ছেলেদের খেলা, মেয়েদের নয়। লোনা পানিতে সার্ফিং করলে গায়ের রং কালো হয়ে যাবে, বিয়ে হবে না—এমন কথাও শুনতে হয়েছে। এসব কারণে মা প্রথম দিকে সার্ফিং বন্ধ করতে বলতেন। পরে বিষয়টি বুঝতে পেরে মা আর বাধা দেন না।' বর্তমানে আর্থিক অনটনের কারণে তার পড়াশোনাও ব্যাহত হচ্ছে। শহরের পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেনুশাহ গত তিন মাস ধরে স্কুলে যেতে পারছে না। তবে পড়াশোনা ও পরিবারের কাজ সামলে সপ্তাহে শুক্র ও শনিবার সে সৈকতে গিয়ে সার্ফিং করে।
রেনুশাহর মা সাজু বেগম বলেন, মেয়ের সার্ফিং নিয়ে অনেক স্বপ্ন। তাই তিনি আর বাধা দেন না। তবে আর্থিক সংকটের কারণে মেয়ের স্বপ্ন কত দূর এগোবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সাজু বেগম আরও জানান, স্বল্প বেতন থেকেই বাসাভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল এবং সংসারের খরচ মেটাতে হয় তাঁকে। সন্তানদের পড়াশোনার খরচ জোগানোও কঠিন হয়ে পড়ায় রেনুশাহর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
মাহিমা আক্তার একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আবু সিদ্দিক পেশায় জেলে এবং মা রাবেয়া বেগম গৃহিণী। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় মাহিমা সাত বছর আগে সৈকতে ডিম বিক্রি করতে গিয়ে সার্ফিংয়ের প্রতি আগ্রহী হয়। ডিম বিক্রির ফাঁকে সার্ফিং করতে দেখে প্রশিক্ষক রাশেদ আলম তাকে লক্ষ করেন। তাঁর উৎসাহে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সাঁতার ও সার্ফিং শিখে ফেলে মাহিমা। মাহিমা জানায়, সার্ফিং এখন তার নেশায় পরিণত হয়েছে। সে বলে, 'ঢেউয়ের ওপর সার্ফবোর্ড নিয়ে চলার সময় অন্য রকম অনুভূতি হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। ভবিষ্যতে অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। পাশাপাশি শিশুদের সার্ফিং শেখানোর জন্য একটি স্কুল গড়ার স্বপ্নও রয়েছে তার।'
মাহিমা জানায়, শুরুতে সৈকতে যাতায়াতের সময় অনেকে কটূক্তি করত। এ কারণে মা প্রথম দিকে বকাঝকা করতেন এবং একসময় সার্ফিং বন্ধ করে দিয়েছিলেন। পরে প্রশিক্ষক রাশেদ আলম বিষয়টি বুঝিয়ে বললে মা আর বাধা দেননি।
কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রাশেদ আলম জানান, সৈকতে বিদেশি পর্যটকেরা সার্ফিং শিখতে এলেও স্থানীয় ছেলে–মেয়েদের জন্য সুযোগ সীমিত। তাঁর ক্লাবে বর্তমানে ৩১ জন প্রশিক্ষণ নিচ্ছে, যার মধ্যে ১০ জন কিশোরী। ২০১৩ সালে ৪০ জন ছেলে–মেয়ে নিয়ে তিনি এই ক্লাব প্রতিষ্ঠা করেন।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সার্ফিং ও লাইফগার্ড প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন রাশেদ আলম। সাত বছর সেখানে কাজ করার পর ২০২৩ সালে দেশে ফিরে তিনি আবার ক্লাবের কার্যক্রম শুরু করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রশিক্ষণ নেওয়া অনেক মেয়ে বিয়ের পর সার্ফিং ছেড়ে দেয়।
বিজ্ঞাপন
দেশে ফিরে তিনি নতুন করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছেন। এ পর্যন্ত তাঁর ক্লাব থেকে ১০০ জনের বেশি বিদেশি সার্ফিং শিখেছেন, যাদের মধ্যে অন্তত ৬০ জন নারী।