কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড
মিরপুর-১৪ নম্বরে পোশাক কারখানার শ্রমিকদের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মিরপুর-১৪ নম্বরের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কাফরুল থানা-পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা দুটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। ওই শ্রমিকেরা পাশের কয়েকটি কারখানার কর্মীদের কাজে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে তাঁদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী শ্রমিকদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, ‘সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঝামেলা হয়েছিল। শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিল। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’