দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর ঘর পরিচ্ছন্ন রাখার উপায়
অসুস্থ রোগীর শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘর জীবাণুমুক্ত রাখা জরুরি
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পরিবারের কোনো সদস্য ক্যানসার, কিডনি জটিলতা বা প্যারালাইসিসের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকলে তাঁর শারীরিক ও মানসিক যত্নের পাশাপাশি ঘরের পরিবেশের দিকে নজর দেওয়া প্রয়োজন। ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব হেলথ ও পাবলিক হেলথ অন্টারিও জানায়, সাধারণ ঘর পরিষ্কার আর একজন গুরুতর অসুস্থ রোগীর ঘর পরিষ্কারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সামান্য অসতর্কতায় ছড়িয়ে পড়া জীবাণু রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে, তাই সঠিক নিয়ম মেনে ঘর জীবাণুমুক্ত রাখা জরুরি।
বিজ্ঞাপন
রোগীর ঘর বদ্ধ বা স্যাঁতসেঁতে রাখা উচিত নয়; প্রতিদিন সকালে ও বিকেলে জানালা খুলে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। ধুলাবালি থেকে বাঁচতে জানালায় নেট বা পর্দা ব্যবহার করা যেতে পারে। মেঝে পরিষ্কারের ক্ষেত্রে শুকনো ঝাড়ু ব্যবহার না করে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে প্রতিদিন অন্তত দুবার মুছে ফেলা উচিত। আসবাবপত্র মোছার জন্য ভেজা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা নিরাপদ।
ঘরের যেসব জায়গায় হাত বেশি লাগে, যেমন দরজার হাতল, লাইটের সুইচ, বিছানার রেলিং, সাইড টেবিল এবং রোগীর ব্যবহৃত মোবাইল বা রিমোট প্রতিদিন অন্তত একবার বা দুবার জীবাণুনাশক স্প্রে বা অ্যালকোহলযুক্ত ওয়াইপস দিয়ে মুছতে হবে। বিছানার চাদর, বালিশের কভার ও কাঁথা দুই থেকে তিন দিন পরপর পরিবর্তন করা প্রয়োজন এবং চাদর ঝাড়ার সময় সতর্ক থাকতে হবে যেন জীবাণু বাতাসে না ছড়ায়। রোগীর কাপড় অন্যদের কাপড় থেকে আলাদা করে হালকা গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে।
রোগীর ঘরে অতিরিক্ত আসবাব, কার্পেট, ভারী পর্দা বা শো-পিস না রাখাই ভালো, কারণ এতে ধুলা জমে। এমনকি ফুলের রেণু বা টবের মাটি থেকে সংক্রমণ এড়াতে তাজা ফুল বা ইনডোর প্ল্যান্ট না রাখাই শ্রেয়। চিকিৎসা সরঞ্জাম যেমন নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর বা হুইলচেয়ার ব্যবহারের পর নিয়মিত জীবাণুমুক্ত কাপড় দিয়ে মুছে রাখতে হবে। ব্যবহৃত টিস্যু, ব্যান্ডেজ বা ডায়াপারের জন্য ঘরের কোণে ঢাকনাযুক্ত ঝুড়ি রেখে প্রতিদিন তা খালি করতে হবে।
ঘর পরিষ্কার করার সময় সেবাকারী বা পরিচ্ছন্নতাকর্মীকে অবশ্যই মাস্ক ও ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করতে হবে। তীব্র গন্ধযুক্ত কেমিক্যাল ব্যবহার করলে ঘর ভালোভাবে বাতাস চলাচলের উপযোগী করে রোগীকে সেখানে রাখতে হবে এবং কাজ শেষে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পরিপাটি ও নির্মল পরিবেশ রোগীকে সংক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি মনে ইতিবাচক শক্তি জোগায়।