বায়তুল মোকাররমের খতিব আটক
রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রুহুল আমীন আত্মগোপনে ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মুফতি রুহুল আমীন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। তবে ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে তিনি বায়তুল মোকাররমে হাজির হন, যা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর দুই দিন পর ২২ সেপ্টেম্বর তাঁকে খতিব পদ থেকে অপসারণ করা হয়।
কওমি মাদ্রাসা অঙ্গনে আওয়ামী লীগপন্থী আলেম হিসেবে পরিচিত রুহুল আমীন অতীতে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘শোকরানা মাহফিলে’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে তিনি এলাকায় পোস্টারও লাগিয়েছিলেন।