আনোয়ারায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থী
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন ১৯ বছর বয়সী শিক্ষার্থী মিফতাহুল জান্নাত।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · আনোয়ারা, চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন চট্টগ্রাম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মিফতাহুল জান্নাত (১৯)। স্থানীয়দের ভাষ্যমতে, সড়ক পার হয়ে বিভাজকে দাঁড়ানোর পর দক্ষিণ দিকে তাকিয়ে পা রাখলে উত্তর দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
ঘটনার পর তাঁকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। মিফতাহুল চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। পড়াশোনার সুবিধার্থে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থাকতেন এবং সদ্য উচ্চমাধ্যমিক পাস করে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
হাসপাতালের আইসিইউর সামনে দাঁড়িয়ে মিফতাহুলের মা রিজিয়া বেগম কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েটাকে নিয়ে কত আশা আমার। আল্লাহ মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দাও। সবাই দোয়া করেন। আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়।’ মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, ঘটনার দিন সকালে কলেজ থেকে একাডেমিক কাগজপত্র নিতে বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি আরও বলেন, পিতৃহীন মেয়েটির এমন অবস্থায় পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।