নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সোমবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রশাসনিক কাঠামো পরিবর্তনের এই সিদ্ধান্তগুলো অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও জনসেবামুখী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ গঠন করা হবে। এছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভা হিসেবে বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন দুটি পৌরসভা গঠনের প্রস্তাবও পাস হয়েছে।
ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে মিল রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন থানা ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো উত্থাপন করা হয়েছিল।
এদিকে প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রে লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার দপ্তর হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে পৌরসভা গঠন ও সদর দপ্তর স্থানান্তরের এসব প্রস্তাব উত্থাপন করা হয়।