ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে ঢাবি
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ফলে শেষ মুহূর্তে পরীক্ষা পেছানো হলে আগামী মার্চের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এতে মেধাবী শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে।"
সহ-উপাচার্য আরও বলেন, "আমরা আশা করছি, মেধাবী শিক্ষার্থীদের স্বার্থ ও সেশনজটের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্চ আদালত আদেশটি পুনর্বিবেচনা করবেন।" বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন বলে তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১১ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা। পূর্বঘোষণা অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল। এদিকে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।