ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হলেও পরে পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয় ডিবি পুলিশ
কক্সবাজার জেলা প্রতিনিধি · কক্সবাজার
প্রকাশ:
নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে গভীর রাতে কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাফায়েল উল্লাহকে (২৩) বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে নিয়ে যায়। পরে বুধবার বেলা ১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
আটক রাফায়েল উল্লাহ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। পুলিশের ভাষ্যমতে, নাশকতায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়নের নেতা পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
রাফায়েলের বাবা করিম উল্লাহ অভিযোগ করেন, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তাঁকে থামানোর জন্য ছেলেকে তুলে নিতে ভূমিকা রেখেছে। তাঁকে ভয় দেখাতে এ কাজ করা হয়েছে। ঘটনার রাতে ৩টার দিকে নিজের ফেসবুক আইডিতে করিম উল্লাহ লেখেন, ‘কোনো ধরনের কারণ ছাড়া আমার ছেলে ছাত্র ইউনিয়ন নেতা রাফায়েল উল্লাহকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।’
করিম উল্লাহ জেলা ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এবং জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, কক্সবাজার সৈকতের বালিয়াড়ি দখল করে পৌরসভার সড়ক নির্মাণ, সৈকতে দোকানপাট নির্মাণ এবং নদী-প্যারাবন দখল নিয়ে তিনি সোচ্চার। সম্প্রতি সৈকতের ঝাউগাছ কেটে পর্যটন করপোরেশনের বিচ কার্নিভ্যাল আয়োজনের বিরুদ্ধে কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি।
করিম উল্লাহ আরও বলেন, ‘পুলিশের সন্দেহ ছিল আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে রাফায়েল ছাত্র ইউনিয়নের নেতা ও জুলাই–যোদ্ধা—এ তথ্য জানার পর পুলিশের একজন কর্মকর্তা আমাকে ফোন করে ছেলেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর বেলা একটার দিকে ছেলেকে ছেড়ে দেওয়া হয়।’
বিজ্ঞাপন
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নাশকতার সঙ্গে জড়িত ফ্যাসিস্টদের ধরতে রাতভর পুলিশের একাধিক দল অভিযান চালায়। এ সময় ছাত্রলীগের কর্মী সন্দেহে রাফায়েল উল্লাহকে থানায় আনা হয়। তিনি ছাত্র ইউনিয়নের নেতা, এ পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী আরও দাবি করেন, রাফায়েল উল্লাহকে থানায় আনার পেছনে বিচ কার্নিভ্যাল কিংবা অন্য কোনো কারণ নেই। পুলিশের নিয়মিত অভিযানে প্রতি রাতেই ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে।