উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, ভিডিও ছড়িয়ে পড়ায় আতঙ্ক
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
কক্সবাজার জেলা প্রতিনিধি · উখিয়া, কক্সবাজার
প্রকাশ:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে বুধবার বেলা আড়াইটার দিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় হামলাকারী যুবকের পাশে আরও দুজন কিরিচ হাতে ছিলেন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ করে মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাজারে শতাধিক দোকান থাকায় এবং পাশে রোহিঙ্গা আশ্রয়শিবির থাকায় জায়গাটি সব সময় জমজমাট থাকে। তবে দুই পক্ষের গোলাগুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ইয়াবা-সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ মুন্না গুলি ছোড়েন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযুক্ত মোহাম্মদ মুন্না উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের অনুসারী। এ বিষয়ে জয়নাল আবেদীন দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং মুন্না তাঁর অনুসারী নন। তাঁর দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই গুলির ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। তিনি আরও জানান, বৈঠকে ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।