চাচি চরিত্রে অভিনয়ে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন দীপা খন্দকার
বর্তমানে কুষ্টিয়ায় ঈদের সিনেমা ‘আবার দেখা হলে’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক · কুষ্টিয়া
প্রকাশ:
ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-তে ফুফুর চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন দীপা খন্দকার। বর্তমানে তিনি ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে চাচির চরিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসিত হচ্ছেন। বর্তমানে ঈদের সিনেমা ‘আবার দেখা হলে’-এর শুটিংয়ের কাজে কুষ্টিয়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। গত রোববার হোয়াটসঅ্যাপে মনজুরুল আলমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাইরের মানুষের কাছে এখন মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
অনেকে এখন তার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকেন, এমনকি সরাসরি বলেও ফেলেন যে চাচির চরিত্রে তাকে দেখতে ভালো লাগে না। ‘এটা আমাদেরই গল্প’-এর ফুফুকে যারা আপন করে নিয়েছিলেন, তাদের অনেকেই ‘ফিরে আসার গল্প’-তে নেতিবাচক চরিত্রে দীপাকে মেনে নিতে পারছেন না। দীপা বলেন, ‘কদিন আগে বাইরে বেরিয়েছিলাম। এক দর্শক কিছুটা মন খারাপ করেই বললেন, “আপনাকে ফুফু চরিত্রেই ভালো লাগছিল। চাচি চরিত্রে আপনাকে দেখতে ভালো লাগে না। আপনাকে ভালো মানুষের চরিত্রে ভালো লাগে।” সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মন্তব্য করেন, “ওনাকে এখন খুবই বিরক্ত লাগে।” তিনি আরও বলেন, “কেন আমি এ ধরনের চরিত্রে অভিনয় করি, তা নিয়েও নানা কথা শুনি। এই যে একটা চরিত্র নিয়ে দর্শকের এত কথা, এটাই তো শিল্পী হিসেবে আমার সার্থকতা।”
নাটকের গল্পের বিবর্তন নিয়ে দীপা জানান, একসময় গল্প থেকে পরিবারের নানা চরিত্র হারিয়ে যেতে থাকলেও এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। এখনকার চিত্রনাট্যে পরিবারের হারিয়ে যাওয়া চরিত্রগুলো পুনরায় জায়গা করে নিচ্ছে। দীপা বলেন, ‘আগে অনেক নাটকে চরিত্রগুলোকে শুধু ফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে দেখা যেত। এখন মা–বাবাসহ পরিবারের সবাইকে পর্দায় দেখা যাচ্ছে। এখন একটা চল শুরু হয়েছে, পরিবারের গল্প নিয়ে নাটক বানাতে হবে। এটা ইতিবাচক। ফুফা–ফুফু, মামা–চাচা থেকে শুরু করে পরিবারের সবাই থাকছেন। আমাদের সময়ের অনেক গুণী অভিনয়শিল্পী নিয়মিত কাজ করতেন না। তাঁরা এখন আবার ব্যস্ত হচ্ছেন।’
ফুফু ও চাচির চরিত্রের জনপ্রিয়তা দীপার কাজের পরিধি বাড়িয়ে দিয়েছে এবং তিনি একের পর এক ধারাবাহিকের প্রস্তাব পাচ্ছেন। মাসে ১২ দিন শুটিংয়ের পরিকল্পনা থাকলেও বাস্তবে তাকে ২০ দিনের বেশি সময় দিতে হচ্ছে। সন্তানদের সময় দেওয়ার ইচ্ছা থাকলেও কাজের চাপের কারণে তা সবসময় হয়ে ওঠে না। দীপার কথায়, ‘আমার বাচ্চারা এখনো অনেক ছোট। ওদের সময় দিতে হয়, পরিবারকেও সময় দিতে হয়। কিন্তু এত গল্প, এত চিত্রনাট্য আসে! সবাই তো আমাকে ভালোবেসেই চরিত্র দেন। তারপরও অনেক গল্পে কাজ করা হয়ে ওঠে না।’
নির্মাতারা তাকে ফুফু বা চাচির মতো চরিত্রে বারবার ভাবলেও দীপা একই ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন। তিনি জানান, চিত্রনাট্যে সামান্য হেরফের থাকলেও তিনি বারবার একই ভূমিকায় ফিরতে চান না। দীপা বলেন, ‘চরিত্রে হয়তো কিছুটা বৈচিত্র্য থাকে। তবু করতে চাই না। কারণ, দর্শক অনেক মনোযোগ দিয়ে আমার চরিত্রগুলো দেখেন। এমন গল্প খুঁজি, যেখানে নতুন কিছু করার সুযোগ পাব।’
বিজ্ঞাপন
সিনেমায় অভিনয়ের ব্যাপারে বরাবরই আগ্রহী দীপা খন্দকার। তিনি কেবল সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কাজ করেন না, বরং পছন্দের গল্প ও চরিত্র খোঁজেন। ‘আবার দেখা হলে’ সিনেমাটিতে রাজি হওয়ার কারণ হিসেবে তিনি জানান, এতে মধ্যবিত্ত জীবনের বাস্তবতা, পরিবারের আবেগ, মূল্যবোধ এবং দ্বন্দ্ব ও নাটকীয়তা রয়েছে। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছোট পর্দার ফুফু ও চাচির চরিত্রে অভিনয় করে দর্শকের যে প্রতিক্রিয়া পেয়েছেন, সিনেমার চরিত্রটি নিয়ে তার ওপর কোনো বাড়তি চাপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাপ তো থাকেই। তবে সিনেমায় আমাকে দেখে তাঁরা হতাশ হবেন না। ফুফু, চাচির মতো এই চরিত্রও দর্শকের মনে জায়গা করে নেবে বলে আশা করি।’