বিয়ের চাপে কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ তরুণ গ্রেপ্তার
বিয়ের জন্য চাপ দেওয়ার জেরে কথা–কাটাকাটির এক পর্যায়ে কিশোরীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · মুক্তাগাছা, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আকিবুল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাঁকে আটক করা হয়। আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার বাসিন্দা আবদুল লতিফের ছেলে। মঙ্গলবার মুক্তাগাছা থানা–পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আকিবুলের সঙ্গে নিহত কিশোরীর গত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সে তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরীকে নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান আকিবুল। এরপর বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে দুজনের মধ্যে কথা–কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কিশোরী তাঁকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তাঁর গলা চেপে ধরেন। কিশোরী অচেতন হয়ে পড়লে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অভিযুক্ত।
হত্যার পর কিশোরীর মরদেহ একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দিয়ে আকিবুল বাড়ি চলে যান। ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরদিন বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে সম্পর্কের তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকিবুল হত্যার দায় স্বীকার করেছেন। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।