হৃদ্রোগে ভেঙে পড়ে ফলের বাগানে পেলেন জীবনের আনন্দ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাঁচ একর জমিতে ৩৫ ধরনের ফলের বিশাল সংগ্রহ গড়ে তুলেছেন এই শিক্ষক
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ময়মনসিংহ
প্রকাশ:
২০১৯ সালের ২৭ ডিসেম্বর মো. কাজিম উদ্দিন (৫৩) হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাঁর হৃদ্যন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত করেন এবং তিনটিতে স্টেন্ট (রিং) পরানোর প্রয়োজন হয়। এই ঘটনার পর থেকে মৃত্যুভয় তাঁকে গ্রাস করে এবং তিনি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। সব সময় তাঁর মনে হতো, জীবন বুঝি শেষ হয়ে এল।
বিজ্ঞাপন
মানসিকভাবে ভেঙে পড়া এই শিক্ষককে চিকিৎসক বাগান করার পরামর্শ দেন। তিনি বাড়ির আঙিনার পতিত জমিতে কয়েকটি ফলের গাছ লাগান। গাছের পরিচর্যা করতে করতে তিনি মনের শান্তি ফিরে পান এবং বেঁচে থাকার শক্তি খুঁজে পান। বর্তমানে তাঁর নিজের কেনা ও পৈতৃক সূত্রে পাওয়া মোট পাঁচ একর জমিতে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাত রয়েছে। এখানে গাছের সংখ্যা প্রায় আড়াই থেকে তিন হাজার। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, এটি যেন কৃষির ‘জার্মপ্লাজম’ বা গাছের জীবন্ত টিস্যুর ভান্ডার, যেখান থেকে নতুন উদ্ভিদ জন্মানো সম্ভব।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে কাজিম উদ্দিনের বাড়ি, যা ‘মাস্টারবাড়ি’ নামে পরিচিত। তিনি স্থানীয় বাবুগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিজের গড়া এই বাগানের নাম দিয়েছেন ‘মাস্টারবাড়ি মিশ্র ফলবাগান’।
অসুস্থতা থেকে বাগানের কাজ শুরু করার বিষয়ে মো. কাজিম উদ্দিন বলেন, ‘হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সব সময় নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা হতো। মনে হতো, হয়তো আর বাঁচব না। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ আবদুস সাত্তার ভূঁইয়া আমাকে বাগান করার পরামর্শ দেন। বলেন, সহনীয় পর্যায়ে কাজ করলে মন ভালো থাকবে। সত্যি বলতে, গাছের পরিচর্যা করতে গিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’
শুরুতে দুই বিঘা জমিতে মাল্টা চাষ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ২০২১ সাল থেকে ভিয়েতনামের বারোমাসি মাল্টার বাণিজ্যিক আবাদ শুরু হয়। বর্তমানে বাড়ির আঙিনা ও আশপাশের জমির মধ্যে তিন একরে মাল্টা, এক একরে কলম্বো ও সিডলেস (বীজহীন) লেবু, ১৫ শতকে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল এবং বাকি জমিতে অন্যান্য ফলগাছ রয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার দুপুরে কাজিমের বাগানে গিয়ে দেখা যায়, পাকা সড়কের পাশে পাহাড়ি লাল মাটির ওপর টিনশেড বাড়িতে তিনি থাকেন। চারপাশে ফল ও ফুলের গাছ। কোথাও থোকায় থোকায় ফল, কোথাও বাহারি ফুল বা নতুন পাতার সমারোহ।
বাগানে মাল্টা, লেবু, সফেদা, আখ, চেরি, আম, আঙুর, জাম ও কাঁঠাল ছাড়াও থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, মিষ্টি তেঁতুল, সৌদির খেজুর, রুবি লংগান ও অ্যাভোকাডো রয়েছে। এছাড়াও মিসরীয় ও পাকিস্তানি আনারস, ফিলিপাইনের লাল ও কালো আখ এবং মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি ও হাঁড়িভাঙাসহ ২০টির বেশি জাতের আম ও ৩০টির বেশি জাতের আঙুর রয়েছে। চারা সংগ্রহের জন্য তিনি দেশের নানা প্রান্তে ছুটে গেছেন অথবা কুরিয়ারে আনিয়েছেন।
এমনকি হারিয়ে যেতে বসা ‘তানপুরা’ বা ‘দশবেল’ নামের দুর্লভ ফলের দুটি গাছও তাঁর বাগানে রয়েছে।
শখের পাশাপাশি বাণিজ্যিক চাষেও সফল কাজিম উদ্দিন। তাঁর মতে, ভিয়েতনামি বারোমাসি মাল্টার উৎপাদন খরচ কম এবং বাজারে চাহিদা ভালো। একটি গাছ পরিণত হতে প্রায় চার বছর লাগে। পরিণত গাছে বছরে ১২০ থেকে ১৩০ কেজি ফল মেলে, যা পাইকারিতে কেজি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়। ৩০০টি গাছের হিসাব দিয়ে কাজিম জানান, বছরে জৈব সার ও কীটনাশক-ছত্রাকনাশকে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয় এবং বিক্রি চার থেকে পাঁচ লাখ টাকার। তিনি জানান, তাঁর সাতটি গরু আছে, যার মধ্যে চারটি ষাঁড় ও তিনটি গাভি। এসব গরুর গোবর থেকেই অধিকাংশ জৈব সার আসে। মাল্টাবাগানে আন্তফসল হিসেবে পেঁপে, বেগুন ও সিডলেস লেবুও চাষ করা যায়।
বিজ্ঞাপন
বাগানের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাজিম বলেন, ‘বাগানে ঢুকে কোনো গাছের কাছে গেলে মনে হয়, গাছটি আমাকে ডাকছে। কথা বলতে চাইছে, একটু আদর করতে চাইছে। পাঁচ মিনিট সময় পেলেও কোনো না কোনো গাছের নিচে গিয়ে বসি। এখন গাছ ছাড়া আর কিছু ভাবতেও পারি না।’ তিনি অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করেন এবং গাছের যত্ন নিলে এর সুফল পাওয়া যায় বলে মনে করেন। তাঁর আশা, আগামী দুই-তিন বছরে গ্রামে মাল্টা চাষ আরও ছড়িয়ে পড়বে। শুরুতে অনেকে হাসাহাসি করলেও এখন স্থানীয় কৃষকেরা বাগানে আগ্রহী হচ্ছেন।
এই বাগান দেখতে বিভিন্ন সময় কৃষক, শিক্ষক ও গবেষকেরা আসেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কৃষির বাজারজাতকরণ নিয়ে কাজ করা একটি দল এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি দল বাগান পরিদর্শন করেছে। ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, ‘কাজিম উদ্দিন ব্যতিক্রমী কৃষক।
শখকে কাজে লাগিয়ে তিনি নানা জাতের ফলগাছের সংগ্রহ গড়েছেন। আমরা তাঁর বাগানে প্রায় ৩৫ ধরনের ফলগাছ দেখেছি। কিছু দেশি জাত এখন মাঠে খুব একটা দেখা যায় না, তিনি সেগুলোও সংরক্ষণ করছেন।
ভবিষ্যতে কৃষি গবেষণার জন্য এ ধরনের সংগ্রহশালা গুরুত্বপূর্ণ হতে পারে।’ সুকান্ত ধর আরও জানান, কৃষি বিভাগ বিভিন্ন সময় প্রদর্শনী ও নতুন জাতের চারা দিয়ে সহযোগিতা করলেও এই উদ্যোগের পেছনে কাজিম উদ্দিনের নিজের আগ্রহ ও প্রচেষ্টাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।