ভাওয়াইয়ার সুরে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বন্ধুসভার আয়োজনে লোকসংগীতের সুরে উঠে এল উত্তরবঙ্গের ঐতিহ্য
রংপুর জেলা প্রতিনিধি · রংপুর
প্রকাশ:
উত্তর জনপদের লোকজ সংস্কৃতি ও জীবনবোধকে ধারণ করে থাকা ভাওয়াইয়া গানের সুরের মূর্ছনায় পালিত হয়েছে ২৮ বছর পূর্তির অনুষ্ঠান। ২০ নভেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সাহিত্য পরিষদ হলরুমে এই আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর পথচলার আনন্দ উদ্যাপন করেছে রংপুর বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রংপুর সংবাদদাতা আলতাফ হোসেন। এরপর মঞ্চে ভাওয়াইয়া গান পরিবেশন করেন শিল্পী রনজিৎ কুমার রায় ও মাহমুদা আক্তার। তাঁদের কণ্ঠে ‘রংপুর হামার রঙে ভরা রে’, ‘ও কি বুলবুলির মাও’, ‘যদি বন্ধু যাবার চাও’, ‘তোমরা গেইলে কি আসিবে’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে’ এবং ‘বন্ধু ধন ধন রে, এতই গোসা কি তোমার শরীলে’-সহ বেশ কিছু জনপ্রিয় গান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
গানের ফাঁকে রংপুর বন্ধুসভার বন্ধু মারুফা জান্নাত নৃত্য পরিবেশন করেন এবং আদিবা ইবনাত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক বলেন, ‘প্রথম আলো প্রয়োজনে বারবার দুঃখ প্রকাশ করুক যে আমরা অসত্যের পক্ষে থাকতে পারিনি। প্রথম আলো আপস করে না। প্রথম আলো অনেক ক্ষেত্রে অবিসংবাদিত হয়ে উঠেছে।’
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মশিউর রহমান, রংপুর বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক সমর্পিতা তানিয়া এবং সংগঠনটির সভাপতি সোহেলী চৌধুরী। উত্তরবঙ্গের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভিন্নমাত্রা যোগ করা হয়।