রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
অভিযুক্ত মাদককারবারিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রংপুর জেলা প্রতিনিধি · রংপুর
প্রকাশ:
রংপুর নগরের সাতমাথা এলাকায় মাদক নির্মূল কমিটির তিন সদস্যকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের জি এল রায় সড়কে দুই শতাধিক মানুষ অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা মাদককারবারিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাতমাথা রেলগেটের পাশে মাদককারবারিরা কমিটির তিন সদস্য ওয়াসিম হোসেন (২৭), শাহিন ইসলাম (২৫) ও আবদুল কুদ্দুস (৬০)-কে মারধর করেন। আহতদের মধ্যে ওয়াসিম ও শাহিনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আবদুল কুদ্দুস প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বিক্ষোভ চলাকালে সড়কটিতে বেঞ্চ, টেবিল, বাঁশ ও চৌকি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, যার ফলে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভকারীদের একাংশকে হাতে লাঠি নিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায়।
এলাকাবাসী জানান, সাতমাথা, রেলগেট ও বস্তি এলাকায় প্রায় আট হাজার মানুষের বসবাস এবং মাদকের বিস্তার নিয়ে তারা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন মাস আগে ৫১ সদস্যের ‘সাতমাথা মাদক ও অপরাধ নির্মূল’ কমিটি গঠন করা হলেও মাদককারবারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কমিটির সভাপতি আখতারুজ্জামান পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোরছালিন হায়াত।
কমিটির নেতাদের অভিযোগ অনুযায়ী, এলাকায় হাছিনা বেগম, আমজাদ হোসেন ও আবদুল মতিন মাদকের মূল ব্যবসা পরিচালনা করেন এবং তাঁদের কাছ থেকে মাদক সংগ্রহ করে বাদল, জনি, আকাশ, শিপন, সজীব, রকি, চান্দু ও আসিফ এলাকায় খুচরা বিক্রি করেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
বিক্ষোভে অংশ নেওয়া শিরিনা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘এখানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করা হয়। আমাদের বাচ্চারা ওদের কাছ থেকে মাদক নিয়ে খায়। বাচ্চারা আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দাবি, এখানে মাদক ব্যবসায়ীরা থাকবে না।’
রাত ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এ বিষয়ে পরিদর্শক মিলন চ্যাটার্জি বলেন, ‘পুলিশ মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেয় না। এলাকাবাসীর অভিযোগ আমরা গুরুত্বসহ নিয়েছি।’