তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ
নিহতদের বাঁচাতে গেলে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে
রংপুর জেলা প্রতিনিধি · তারাগঞ্জ, রংপুর
প্রকাশ:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিজ্ঞাপন
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে তাঁরা ছয়জন বাড়ি ফিরছিলেন। পথে আতিক বসুনিয়া নামের এক যাত্রীর কাছে তিন লাখ টাকা থাকায় তাঁকে জিম্মি করে হেলপার ও সুপারভাইজার। আতিক বসুনিয়া বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামায় দিছে, আমাকে নামায় দেয়নি। গাড়ির হেলপার, সুপারভাইজার, এরা আমাকে জিম্মি করছে। আমার গলায় গামছা প্যাঁচাইছে। তখন মুকুল আর শাকিব আগাই আসছে। গাড়ি চলন্ত অবস্থা দুজনকে লাথি মেরে ফেলে দিছে। পরে আমি চিল্লাইছি। একটি মাইক্রোবাস ঘটনা দেখে চিকলীতে পথরোধ করে, স্থানীয় লোকজন ছুটে আসে বাসটি আটকায়। না হলে আমাকেও মেরে ফেলে দিতো।’
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার ফাইটার বেনজির আহমেদের নেতৃত্বে একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে দুজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি, স্থানীয়রা তাঁদের বাস থেকে ফেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় গাড়ির চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।’