রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়
ভিডিও কলে ফরহাদ হোসেন মল্লিক ১৩ নভেম্বরের কর্মসূচি সম্পর্কে মন্তব্য করেন
রংপুর জেলা প্রতিনিধি · রংপুর
প্রকাশ:
২৩ অক্টোবর বিকেলে রংপুরের একটি অফিসে জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক এবং সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। সভার শুরুতে পরিচয়পর্ব এবং কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে সাইমুম মৌসুমী বৃষ্টি বন্ধুসভার সদস্যদের জিজ্ঞেস করেন, কেন তারা বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই সংগঠনের পেছনে কী অনুপ্রেরণা রয়েছে।
বন্ধু মাহরুফা জান্নাত জানান, ছোটবেলা থেকেই তাঁর সামাজিক কাজের প্রতি আগ্রহ রয়েছে; সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা থেকেই তিনি বন্ধুসভায় যোগ দিয়েছেন।
সৌরভ চন্দ্র বর্মণ জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ রয়েছে; বন্ধুসভা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে বলে তিনি এই সংগঠনে যুক্ত হয়েছেন।
বন্ধু সাওয়াদ শাহরিয়ার জানান, তাঁর পাঠচক্রের প্রতি আগ্রহ রয়েছে; বন্ধুসভার পাঠচক্র কার্যক্রম তাঁকে সংগঠনে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে।
বিজ্ঞাপন
সোহাগ দাস জানান, আয়োজন ও ব্যবস্থাপনাসংক্রান্ত কাজের প্রতি তাঁর আগ্রহ রয়েছে; এ ধরনের কাজ করার সুযোগ থাকায় তিনি বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন।
বন্ধু মামুন জানান, রংপুর বন্ধুসভার উদ্যোগে তাঁর এলাকায় শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছিল; সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি পরবর্তী সময়ে বন্ধুসভার সঙ্গে যুক্ত হন।
শিমু, যিনি বন্ধুসভার প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত আছেন, বলেন, তরুণদের উদ্যম ও ভালো কাজ করার মানসিকতা তাঁকে সংগঠনে থাকতে অনুপ্রাণিত করেছে; এখানে যুক্ত থাকলে তিনি তরুণদের সেই উদ্যম নতুন করে অনুভব করতে পারেন।
সাইমুম মৌসুমী বৃষ্টি বন্ধুসভার সদস্যদের বক্তব্য শোনার পর বলেন, “বন্ধুরাই বন্ধুসভার প্রাণ। তাঁদের অংশগ্রহণ ও উদ্যোগের কারণেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। বন্ধুসভায় বিতর্ক, পাঠচক্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কাজসহ নানা ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ বৈচিত্র্যই বন্ধুসভাকে অন্যান্য সংগঠন থেকে আলাদা করেছে।”
বিজ্ঞাপন
রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে পরিচালিত ‘আলোর পাঠশালা’সহ সামাজিক ও পরিবেশগত উদ্যোগের কথা উল্লেখ করেন এবং জলবায়ু পরিবর্তনসহ সমসাময়িক বিষয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করেন।
ভিডিও কলে যুক্ত হন জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘এসো মিলি জলধারায়’ কর্মসূচিতে রংপুর বিভাগের বন্ধুদের সর্বোচ্চ উপস্থিতি প্রত্যাশা করছেন এবং এই কর্মসূচি দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধুদের মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
সমন্বয়ক মাহবুবা সুলতানা অনলাইনে যুক্ত হয়ে রংপুর বন্ধুসভার ‘আলোর পাঠশালা’ কার্যক্রম সম্পর্কে অবগত থাকার কথা জানান এবং আগামী নভেম্বরে পাঠশালাটি পরিদর্শনের পরিকল্পনা শেয়ার করেন। তিনি পরিদর্শনের পর স্থায়ীভাবে পরিচালনার উপযুক্ত উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করবেন বলে উল্লেখ করেন।
জাফর সাদিক আলোর পাঠশালার পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “পাঠশালাটিকে প্রতিষ্ঠিত করতে সবাই মিলে কাজ করতে হবে। এ উদ্যোগ এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।” তিনি প্রথম আলো ট্রাস্টের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দাতা সংগ্রহের পরিকল্পনা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
রংপুরের সংবাদদাতা আলতাফ হোসেন বলেন, ভালো কাজের সঙ্গে সবাইকে থাকতে হবে; সমাজের ইতিবাচক পরিবর্তনে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতবিনিময় সভায় রংপুর বন্ধুসভার বন্ধুদের অভিজ্ঞতা, সংগঠনের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করা হয়। ‘আলোর পাঠশালা’কে আরও এগিয়ে নেওয়া এবং সামাজিক ও পরিবেশগত কর্মকাণ্ড জোরদার করার প্রতিশ্রুতি নিয়ে সভা শেষ হয়।