জনপ্রিয়তা বাড়ছে গার্লিক বাটার নানের
পারস্য ও মোগল ঐতিহ্যের নান এখন রসুনের ঘ্রাণ ও মাখনের স্বাদে বিশ্বজুড়ে সমাদৃত
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
নরম, ফুলে ওঠা তন্দুরি রুটির ওপর মাখনের প্রলেপ, সঙ্গে কুচি করা রসুন ও ধনেপাতার সংমিশ্রণে তৈরি গার্লিক বাটার নান এখন ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বেশ পরিচিত একটি খাবার। ভারতীয় রেস্তোরাঁ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের মেনুতে এই পদের নাম দেখা যায়। নানের ইতিহাস কয়েক শ বছরের পুরোনো হলেও গার্লিক বাটার নান আবিষ্কারের নির্দিষ্ট সময় বা এর আবিষ্কারকের নাম জানা যায় না।
বিজ্ঞাপন
‘নান’ শব্দটি ফারসি থেকে এসেছে, যার অর্থ রুটি। পারস্য ও মধ্য এশিয়ার খাদ্যসংস্কৃতিতে রুটির এই ধরন বহু আগে থেকেই প্রচলিত ছিল। পরবর্তীতে পারস্য ও মধ্য এশিয়ার সঙ্গে ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক যোগাযোগের ফলে নান এ অঞ্চলে জনপ্রিয়তা লাভ করে।
ভারতীয় উপমহাদেশে নানের প্রাচীনতম লিখিত উল্লেখ পাওয়া যায় ১৩ শতকের শেষ ভাগ ও ১৪ শতকের শুরুর দিকের কবি আমির খসরুর লেখায়। তিনি ‘নান-ই-তনুক’ এবং ‘নান-ই-তানুরি’ নামে দুই ধরনের নানের কথা উল্লেখ করেছিলেন। প্রথমটি ছিল পাতলা রুটি এবং দ্বিতীয়টি তন্দুরে তৈরি হতো।
মোগল আমলে নান রাজকীয় খাবারের অংশ হয়ে ওঠে এবং বিশেষ করে মাংসের কাবাব ও কিমার সঙ্গে এটি পরিবেশন করা হতো। তখন নান তৈরি করা ছিল বেশ সময়সাপেক্ষ ও দক্ষতানির্ভর কাজ, তাই সাধারণ মানুষের তুলনায় অভিজাত ও রাজপরিবারের খাবারের তালিকায় এর উপস্থিতি ছিল বেশি। ধীরে ধীরে নান রাজদরবারের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের পাতেও জায়গা করে নেয়।
প্রচলিত নানের স্বাদ সাধারণত মৃদু হয়, যা ময়দা, পানি, ইস্ট বা অন্য কোনো গাঁজন উপাদান এবং লবণ দিয়ে তৈরি খামির তন্দুরে সেঁকে বানানো হয়। পরে এর ওপর মাখন বা ঘি লাগানো হয়। গার্লিক বাটার নান মূলত এই প্রচলিত নানেরই একটি স্বাদবর্ধিত সংস্করণ, যেখানে রসুনকুচি বা পেস্ট এবং মাখন ব্যবহার করা হয় এবং কখনো ধনেপাতাও যোগ করা হয়। তন্দুর থেকে নামানোর পর গরম নানের ওপর মাখন ও রসুনের মিশ্রণ লাগালে মাখন গলে রুটির গায়ে ছড়িয়ে পড়ে, যা রসুনের ঝাঁজ ও সুগন্ধের মাধ্যমে নানের স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলে।
বিজ্ঞাপন
গার্লিক বাটার নান ঠিক কোন দেশে, কোন সময়ে বা কার হাত ধরে প্রথম তৈরি হয়েছিল, তার নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। খাদ্যবিষয়ক লেখালেখিতে নানের পারস্য ও মোগল-সংযোগের ইতিহাস পাওয়া গেলেও রসুন ও মাখন দিয়ে তৈরি এই বিশেষ সংস্করণের সুনির্দিষ্ট ইতিহাস অজানা। ধারণা করা হয়, ভারতীয় উপমহাদেশের রেস্তোরাঁ সংস্কৃতিতে নানের নানা স্বাদ ও উপকরণ যুক্ত হওয়ার ধারাবাহিকতায় এটি জনপ্রিয় হয়েছে।
বাইরে হালকা মচমচে এবং ভেতরে নরম ও তুলতুলে গঠনের পাশাপাশি মাখনের মসৃণ স্বাদ ও রসুনের তীব্র সুগন্ধ গার্লিক বাটার নানের জনপ্রিয়তার মূল কারণ। মাখন ও রসুনের এই সমন্বয় মাংসের কাবাব, বাটার চিকেন, চিকেন টিক্কা মসালা কিংবা বিভিন্ন ধরনের গ্রেভিযুক্ত খাবারের সঙ্গে দারুণ মানিয়ে যায়। বর্তমানে ভারতীয় রেস্তোরাঁর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভারতীয় এবং দক্ষিণ এশীয় খাবারের রেস্তোরাঁয় এটি একটি জনপ্রিয় পদ।