দত্তের বাজারে সরাসরি সবজি বিক্রি করছেন ব্রহ্মপুত্রের চরের কৃষকরা
মধ্যস্বত্বভোগীহীন এই হাটে বছরে সবজি বেচাকেনা হয় ১০ কোটি টাকার বেশি
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · গফরগাঁও, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী দত্তের বাজারে সরাসরি নিজেদের খেতের ফসল নিয়ে হাজির হন কৃষকরা। গফরগাঁও–টোক মূল সড়কের পাশে অবস্থিত এই হাটে পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ ও কুমড়াসহ নানা ধরনের মৌসুমি সবজির পসরা বসে।
বিজ্ঞাপন
দত্তের বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৮০টির বেশি সবজির দোকান রয়েছে। হাটের আর্থিক লেনদেনের তথ্য অনুযায়ী, সোমবারের বড় হাটে প্রায় ১৫ লাখ টাকা এবং শুক্রবারের ছোট হাটে প্রায় ৫ লাখ টাকার সবজি কেনাবেচা হয়। সব মিলিয়ে শুধু সবজির হাটেই বছরে ১০ কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হয়।
হাটে আসা সবজি বিক্রেতা হাসেম (৫৫) তাঁর নিজের জমির বেগুন, শিম ও ফুলকপি নিয়ে পসরা সাজিয়েছেন। হাসেম বলেন, ‘৪০ বছর ধরে এই হাটে আসি। শুরুতে বাবার সঙ্গে আসতাম। বাবা এখন বেঁচে নেই, এখন আমার সঙ্গে ছেলে আসে। নিজের জমির ফসল এখানে বিক্রি করেই সংসার চলে। আমাদের সবজিতে কোনো ফরমালিন বা ওষুধ নেই। টাটকা ও ভালো জিনিসের টানে দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসেন।’
স্থানীয় ক্রেতাদের ভাষ্যমতে, চরের উৎপাদিত ফসলে রাসায়নিক ও ভেজালের আশঙ্কা কম থাকায় তাঁরা নিয়মিত এখান থেকে বাজার করেন। হাটের কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল সরাসরি বিক্রি করায় ক্রেতারা টাটকা সবজি পাওয়ার সুযোগ পাচ্ছেন।