ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েকটি স্থানে বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁওয়ে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোট আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁও এলাকায় এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শ্যামলী মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে চারটি ককটেলসহ মো. রাসেল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রাসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাঁর বাসা মোহাম্মদপুর এলাকায়।
বিজ্ঞাপন
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, রাত পৌনে ৯টার দিকে শ্যামলী মোড়ে তল্লাশিকালে দুটি মোটরসাইকেলে আসা তিন যুবকের গতিরোধ করা হয়। এ সময় দুজন পালিয়ে গেলেও রাসেলের ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। এডিসি জুয়েল রানা বলেন, 'জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, তাঁরা কোনো স্থাপনায় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ককটেলগুলো নিয়ে বের হয়েছিলেন।' রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
একই রাতে পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়সংলগ্ন বছিলা সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে জর্দার কৌটায় রাখা একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা এক দুর্বৃত্ত এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কৌটাটি উদ্ধার করা হয়েছে।
রাত ১০টার পর মিরপুর ২ নম্বরের সি ব্লকের ২ নম্বর সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এডিসি জুয়েল রানা দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের লোকজন আতঙ্ক ছড়াতে এই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।