কারও বাড়িতে নিমন্ত্রণ পেলে যে শিষ্টাচার মেনে চলা জরুরি
আয়োজকের পরিশ্রম ও অনুভূতির প্রতি সম্মান জানানো ভালো অতিথির দায়িত্ব
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
কারও বাড়িতে নিমন্ত্রণ পেলে আনন্দের পাশাপাশি কিছু সামাজিক শিষ্টাচার মেনে চলার দায়িত্বও তৈরি হয়। আয়োজক নিজের সময়, শ্রম ও সামর্থ্য অনুযায়ী অতিথিদের জন্য খাবার তৈরি করেন, ঘর গোছান এবং বসার ব্যবস্থা করেন। অতিথিরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই চেষ্টাও থাকে আয়োজকের। এমন পরিস্থিতিতে অতিথির কাছ থেকে সৌজন্যপূর্ণ আচরণ প্রত্যাশিত।
বিজ্ঞাপন
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত জানান, বাড়িতে প্রবেশের আগে জুতা খুলে রাখা প্রয়োজন কি-না, ব্যক্তিগত কক্ষে অনুমতি ছাড়া না যাওয়া, নিজের ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে রাখা বা নির্ধারিত সময়ের বেশি অবস্থান না করা—এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত। কারণ এ ধরনের আচরণ আয়োজককে অনেকটাই বিব্রত ও আহত করতে পারে।
অন্যের বাড়িতে গিয়ে আয়োজক বা তার আয়োজনের সমালোচনা করা অভদ্র আচরণ। ঘরের সাজ পছন্দ হয়নি বলে মন্তব্য করা, কোনো খাবার কীভাবে রান্না হয়েছে তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানানো, পরিবেশনের জন্য অন্য পানীয় বা মিষ্টান্নের পরামর্শ দেওয়া কিংবা আয়োজকের পরিশ্রম নিয়ে ঠাট্টা করা অতিথির সৌজন্যবোধের পরিপন্থী। অতিথি হিসেবে খাবার পছন্দ না হলে বা ঘরের সাজ নিয়ে নেতিবাচক মন্তব্য করা আয়োজকের কাছে অপমানজনক হতে পারে, কারণ আয়োজনের পেছনে ব্যক্তির সময়, শ্রম ও আন্তরিকতা জড়িত।
কারও বাড়িতে গেলে সবকিছু নিজের পছন্দমতো হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়। ব্যক্তিগত পছন্দের পার্থক্য থাকতেই পারে, কিন্তু অতিথি হওয়ার অর্থ হলো আয়োজকের আতিথেয়তা গ্রহণ করা এবং তার সঙ্গে সময় কাটানো, প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা নয়। অধ্যাপক তাসমিয়া জান্নাত বলেন, “কোনও বিষয় নিজের পছন্দের সঙ্গে না মিললেও সেটি নিয়ে খুঁত ধরা বা আয়োজককে ছোট করা উচিত নয়। বরং সম্পর্ক এবং একসঙ্গে সময় কাটানোর আনন্দকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।” তিনি আরও পরামর্শ দেন, “কোনো খাবার খেতে ভালো না লাগলে, প্রকাশ্যে বিরূপ মন্তব্য না করেও পরিস্থিতি সামলানো যায়। অন্য কোনও খাবার বেছে নেওয়া বা বিনয়ের সঙ্গে নিজের সীমাবদ্ধতা জানানো যেতে পারে।”
কথার প্রভাব বুঝতে পেরে মনে হলে আয়োজককে আঘাত করা হয়েছে, তবে সেই বিষয়টি এড়িয়ে না গিয়ে দুঃখ প্রকাশ করা ভালো। তাসমিয়া জান্নাতের পরামর্শ অনুযায়ী, “অনিচ্ছাকৃতভাবে কাউকে অপমান করে ফেললে নিজের ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া জরুরি।” এরপর পরিবেশ স্বাভাবিক করতে খাবারের আয়োজন, ঘরের পরিচ্ছন্নতা বা অতিথিদের আন্তরিকতার প্রশংসা করা যেতে পারে, তবে সেটি হতে হবে আন্তরিক।
বিজ্ঞাপন
আয়োজকেরও কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। বাড়িতে কেউ অপ্রত্যাশিত মন্তব্য করলে তর্কে জড়িয়ে পড়লে পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে। নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে সংক্ষেপে স্বীকার করে প্রসঙ্গ বদলে ফেলা ভালো। কেউ খাবার নিয়ে পরামর্শ দিলে তাকে ধন্যবাদ জানানো যেতে পারে, আবার অতিথির খাবার পছন্দ না হলে অন্য কিছু নেওয়ার সুযোগ দেওয়া যায়।
ভদ্রভাবে প্রসঙ্গ বদলানোর জন্য প্রতিটি কথার জবাব না দিয়ে সংক্ষিপ্ত উত্তর দেওয়া যেতে পারে। তবে কেউ বারবার অসম্মানজনক মন্তব্য করলে শান্তভাবে জানানো যায় যে, এ ধরনের কথায় আয়োজক অস্বস্তি বোধ করছেন। সৌজন্য বজায় রাখা মানে নিজের অনুভূতি উপেক্ষা করা নয়, বরং পরিস্থিতি বুঝে সংযতভাবে নিজের অবস্থান জানানোও শিষ্টাচারের অংশ।