গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন ও ভাঙচুর
ঘটনার পর ভুক্তভোগী নেতাকে ফোন করে খোঁজ নিলেন জামায়াতের আমির শফিকুর রহমান
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · মুকসুদপুর, গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয় এবং দুপুরের দিকে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বিজ্ঞাপন
মুসাদ্দিক আলী জানান, তাঁর পরিবার ঢাকায় থাকলেও গ্রামের বাড়িতে তাঁর মেজ ভাই এবং আত্মীয়স্বজন থাকেন। হামলার আশঙ্কায় তিনি তাঁর বাবা-মাকে বাড়িতে যেতে নিষেধ করেছিলেন। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে থাকা আত্মীয়স্বজনরা দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন।
মুসাদ্দিক আলী অভিযোগ করেন, 'সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে। ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।'
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার আগে মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তাঁর ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। ডাকসুর পক্ষ থেকে এই ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
হামলার পর জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফোন করে মুসাদ্দিক আলীর খোঁজখবর নিয়েছেন। মুসাদ্দিক আলী জানান, 'আমার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে আমার জন্য দোয়া করেছেন। এ সময় তিনি আমার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।'
বিজ্ঞাপন
ডাকসু জানিয়েছে, হামলার আশঙ্কার বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।