গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও বিজিবির সতর্ক অবস্থান দেখা গেছে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শহরের জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন স্থাপনায় টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো মহড়া শহরে চোখে পড়েনি।
বিজ্ঞাপন
সকাল থেকে শহরের ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, বেদগ্রাম, পুলিশ লাইনস মোড়, যুগশিখা মোড়, জজকোর্টের সামনে, জেলা প্রশাসকের বাসভবন এবং স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়া গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) টহল দিয়েছে। বর্তমানে শহরের বিপণিবিতানগুলো খোলা রয়েছে এবং দূরপাল্লার বাসসহ আন্তজেলা গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
শহরের বাজার মোড় এলাকায় মোটরসাইকেলচালক রুবেল মুন্সী বলেন, ‘আজ টহল একটু বেশি মনে হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়েই বের হয়েছি।’
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। সে সময় তাদের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয় এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।
ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট ও উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। তিনি সবাইকে শান্ত থাকা, গুজবে কান না দেওয়া এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।