গোপালগঞ্জে আওয়ামী লীগের মহড়া, পুলিশ বক্স ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর
শহরে মিছিল চলাকালে পুলিশের সাঁজোয়া যান ও জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়েছে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, লাঠিসোঁটা, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায় এবং অনেকের মাথায় ছিল হেলমেট। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা। এছাড়াও জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে খাবারের আয়োজন করা হয়। সালাউদ্দিন খানের নেতৃত্বে মিছিলটি বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে এবং সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিয়া ও নবীনবাগ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে গিয়ে তালা ভেঙে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয় এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলা হয়। পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করা হয়। এ ছাড়া এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়।
এই কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।