টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ
শনিবার রাতে খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছু ব্যক্তিগত কার্যালয় ও দোকানেও ভাঙচুর ও আগুন দেয়। বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই তাণ্ডব চালিয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শনিবার রাত আটটার দিকে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও নিলফা বাজারে থাকা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এছাড়া বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
ঘটনার পর খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের একাধিক স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়, যার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাত ১১টার দিকে মুঠোফোনে জানান, মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই তাণ্ডব চালানো হয়। তিনি আরও বলেন, খালেক বাজারে বেশ কিছু দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় তাঁদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান শনিবার রাতে জানিয়েছেন যে, তিনি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।