গোপালগঞ্জের পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও সাম্প্রতিক ঘটনাবলির দিকে কড়া নজর রাখছে সরকার। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
দুপুরের দিকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। এর ধারাবাহিকতায় বিকেল সোয়া পাঁচটার দিকে ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়ার পরিপত্র জারি করা হয়। নতুন নির্দেশনায় হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ রোববার লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে।
মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। তবে ওই বৈঠকে কী আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্য সংখ্যা বাড়িয়েছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বল প্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না।' তিনি আরও বলেন, আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বল প্রয়োগ করবে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বিগত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে জড়ো হয়েছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে। বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ আরও তিন প্লাটুন বর্ডার গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে।
আজ বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল। ওই বছর ২০ জুলাই গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।'