আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপির রাজপথ দখলের হুঁশিয়ারি
২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। এসব কর্মসূচি হবে ‘গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে’। এছাড়া দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতেও এনসিপির নেতা–কর্মীরা অংশ নেবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা যাতে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য বাংলাদেশের সব জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখতে সক্রিয় থাকবেন এনসিপির প্রতিটি নেতা-কর্মী।’
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে এই জরুরি বৈঠকটি ডাকা হয়েছিল। যুক্তরাজ্য সফরে থাকা দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভার্চ্যুয়ালি এই বৈঠকে যুক্ত হন। সংবাদ সম্মেলনে আখতার হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিপনা, অগ্নিসন্ত্রাসসহ সামগ্রিক পরিস্থিতিতে এনসিপির রাজনৈতিক পর্ষদের সভা বসেছিল।
সেই সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে চলতি মাসসহ ডিসেম্বরব্যাপী এনসিপি সারা দেশের সব জেলা ও মহানগর ইউনিটে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।’
আখতার হোসেন জানান, নিয়মিত কার্যক্রম ও দিবসকেন্দ্রিক কর্মসূচির পাশাপাশি এনসিপির এই বিক্ষোভগুলোতে চলমান সন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হবে। এছাড়া দলের পাঁচ দফা দাবির বিষয়টিও রাজপথে তুলে ধরা হবে। এ সময় তিনি আওয়ামী লীগ প্রশ্নে ভারতের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে থেকে ভারতের মাটি ব্যবহার করে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানি দিয়ে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ভারত সরকার ৫ আগস্টের পর গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসী-জঙ্গিকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ উসকে দেওয়ার সুযোগ করে দিয়েছে ভারতের সরকার।’
বিজ্ঞাপন
আওয়ামী লীগকে কেবল রাজনৈতিকভাবে নিষিদ্ধ নয়, বরং নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান আখতার হোসেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের ডাক প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো ঐক্যে এনসিপি অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটাকে আমরা এক ইতিবাচক জায়গা থেকে দেখি। কিন্তু সেই ঐক্যের ভিত্তিটা কী হবে?’
আখতার হোসেন আরও বলেন, জুলাই গণহত্যার বিচারের পরিধি, আওয়ামী লীগকে পুনর্মিলনের উদ্যোগ, সরকারের সংস্কার এজেন্ডা এবং ঐক্যের ধারাবাহিকতা নিয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন। তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকা ঐক্যকে রাজপথে সক্রিয় ও পুনর্বিন্যস্ত করতে হলে এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া জরুরি। সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।