নেত্রকোনায় ছাত্রশক্তি নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় জয়পুর গ্রামে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে
নেত্রকোণা জেলা প্রতিনিধি · মোহনগঞ্জ, নেত্রকোণা
প্রকাশ:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বিজ্ঞাপন
ঘটনার সময় রাফির বাবা-মা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন এবং প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে রাফির বাবা-মা প্রাণে রক্ষা পান বলে জানা গেছে।
খান তালাত মাহমুদ অভিযোগ করেন, ‘রাত আনুমানিক তিনটায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’ তিনি নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্টও দিয়েছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় দুর্বৃত্তরা আর আগুন দিতে পারেনি এবং এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।