ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
ডিসেম্বর মাস সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সীমান্ত এলাকায় ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়িয়েছে বিজিবি।
নেত্রকোণা জেলা প্রতিনিধি · কলমাকান্দা, নেত্রকোণা
প্রকাশ:
ডিসেম্বর মাস সামনে রেখে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থেকে নেত্রকোনার সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সীমান্ত এলাকার স্পর্শকাতর স্থানগুলোতে বাড়তি সতর্কতার পাশাপাশি ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইটের মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী। তিনি বলেন, 'ডিসেম্বর মাস সামনে রেখে আমাদের দেশে কিছু নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এটার জন্য সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুপ্রবেশ হতে পারে। এটার আলোকে আমরা নেত্রকোনার সীমান্ত এলাকায় নজরদারি এবং গোয়েন্দা তৎপর জোরদার করেছি।'
সিলেটের গোয়াইনঘাট থানায় গত বুধবার (১১ নভেম্বর) করা পুলিশের একটি মামলার তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার গোপনে নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন। সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল এলাকার একটি রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। সিলেটের রাজনীতিতে আলোচনা রয়েছে যে, তিনি দুই বছর আগেই সীমান্ত পেরিয়ে দেশত্যাগ করেছেন। এত দিন পর তার ফিরে আসা ও গোপনে সমাবেশ করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি অধিনায়ক তৌহিদুল বারী বলেন, 'সম্প্রতি সিলেটে একটা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। আমাদের পুরো বর্ডার গার্ড বাংলাদেশকে বলা হয়েছে, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ হবে না। একই সঙ্গে মাদক, অস্ত্র, গোলাবারুদে চোরাচালানে জিরো টলারেন্স করা। দেশে যেকোনো নাশকতা ঠেকানোর জন্য অবৈধ অনুপ্রবেশ হতে দেওয়া হবে না।'
ব্রিফিংয়ে জানানো হয়, ৩১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৯২ কিলোমিটার সীমান্ত রয়েছে। পাহাড়ি নদী ছাড়া সমতল অংশে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
তৌহিদুল বারী আরও জানান, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ ইন বা ঠেলে পাঠানোর চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনার সীমান্তেও এমন তৎপরতা ছিল, তবে বিজিবির কঠোর নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ কাউকে পুশ ইন করতে পারেনি।
মানব পাচার প্রতিরোধে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি জানান, গত এক বছরে ৩১ বিজিবি এলাকায় তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে উদ্ধার করা হয়েছে।
বিজিবির অভিযানে জব্দ করা মাদকের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত এক বছরে সীমান্ত এলাকা থেকে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।