হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর
সীমান্তবর্তী জনপদকে নাশকতার ক্ষেত্র হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · হালুয়াঘাট, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। শুক্রবার বিকেলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে আয়োজিত পৃথক দুটি পথসভায় তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালী পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন সৈয়দ এমরান সালেহ। ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছিল। পথসভায় এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি অংশ সেখান থেকে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
সৈয়দ এমরান সালেহ বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই না যে ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামি ও লুটেরা, দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আমরা আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না।’ তিনি পলাতক ব্যক্তিদের আটক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানান।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ। এখানকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের সঙ্গে জড়িত। সীমান্তে কোনো অশুভ তৎপরতা দেখলে বিজিবি বা পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি। ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব জাকির হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।