মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার দাবি গোপালগঞ্জের বিএনপি নেতার
দেড় লাখ টাকা বিকাশে দেওয়ার পর ছাড়া পান বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে অপহৃত হন বলে দাবি করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী মনিরুল হক ফরাজী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন এবং শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি।
বিজ্ঞাপন
মনিরুল হক জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে তিনি ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তাঁর গাড়ি লক্ষ্য করে আন্দোলনকারীরা টর্চলাইটের আলো ফেলে। তিনি বলেন, 'সামনে এসে দেখি, রাস্তার ওপর গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। কিছু লোক ওই গাছ সরিয়ে ফেললে আমাদের গাড়ি দ্রুত টেনে সামনে যাওয়ার চেষ্টা করি।'
ঘটনার বর্ণনায় তিনি আরও জানান, 'তখন লাঠিসোঁটা হাতে একদল লোক গাড়ি আটকে আমাদের ঘিরে ফেলে। আমি গাড়ি থেকে নামলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।' এ সময় হামলাকারীরা তাঁর কাছ থেকে ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার হার ও একটি আইফোন ছিনিয়ে নেয়।
মনিরুল হকের ভাষ্যমতে, এ সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির কমিটিতে পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়। মঈন উদ্দিন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছিলেন। ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল গাড়ি থামিয়ে ভাঙচুর চালায় এবং তাঁদের টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
মঈন উদ্দিন আরও বলেন, 'মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে বিএনপি, বিএনপি বলে চিৎকার করতে থাকেন। পরে তাঁকে ধরে নিয়ে যান।' প্রাণ বাঁচাতে তিনি ও হাসান গাড়ি ফেলেই সেখান থেকে চলে আসেন।
বিজ্ঞাপন
মনিরুল হক জানান, হামলাকারীরা ভোর থেকে সকাল পর্যন্ত তাঁকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে ঘোরান। একপর্যায়ে তাঁকে ছাড়ার জন্য আরও টাকা দাবি করা হয়। তিনি বলেন, 'আমি তখন তাঁদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাঁরা আমাকে ছেড়ে দেন। সব মিলিয়ে তাঁরা আমার কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছেন।'
মুক্তি পাওয়ার পর বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে বাসায় ফেরেন। হামলাকারীদের বিষয়ে তিনি জানান, শুরুতে ১৫-২০ জন থাকলেও শেষে চারজন ছিলেন, যাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, মনিরুল হকের অপহরণের খবর শুনে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি বলেন, 'বৃহস্পতিবার রাতে ওই নেতা ফিরেছেন। তিনি চিকিৎসা নিয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'