এসএমই খাতে ৩৫ শতাংশ বিনিয়োগ চান গভর্নর
আগামী বছরের মধ্যে ব্যাংকগুলোকে করপোরেট বিনিয়োগ ৪০ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থনীতি ডেস্ক · চট্টগ্রাম
প্রকাশ:
আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ২০ শতাংশ রিটেইল বা খুচরা ব্যাংকিং খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ) মুদ্রানীতি সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গভর্নর বলেন, ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত। সভায় ব্যবসায়ী নেতারা উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ঋণের সুদহার কমানোর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবি জানান। বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানিসংকটে উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারলেও অনিশ্চয়তা সামাল দিতে পারেন না বলে তিনি মন্তব্য করেন।
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল না হলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মত দেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা। তিনি এক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে এবং চলতি অর্থবছরেই এর অর্থ ছাড়ে জোর দেওয়া হয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে গভর্নর জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে এবং এরই মধ্যে একাধিক দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদ শনাক্ত করে জব্দ করা হয়েছে। রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের দূতাবাস ও সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মুদ্রানীতি আরও কার্যকর করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শ অনুযায়ী প্রতি তিন মাসে তা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ। এছাড়া মুদ্রানীতির বিভিন্ন উপকরণের ওপর উপস্থাপনা দেন ওই বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।