চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান
বন্ধ কারখানায় উৎপাদন শুরু হলে কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি সেখানে উচ্চমূল্যের তৈরি পোশাক তৈরির লক্ষ্যে ৬০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৭৫ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। বেপজার তথ্য অনুযায়ী, কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সেখানে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।
বিজ্ঞাপন
রাজধানীর গ্রিনরোডে অবস্থিত বেপজা কমপ্লেক্সে এই বিনিয়োগ সংক্রান্ত ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। বেপজা জানায়, চট্টগ্রাম ইপিজেডের পুরনো প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের অবকাঠামো ও যন্ত্রপাতি নিলামের মাধ্যমে কিনে নিয়েছে জয়ফুল গার্মেন্ট। সিয়াম’স সুপিরিয়র ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল। নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামোর সংস্কার ও আধুনিকায়ন শেষে ২০২৭ সালের মার্চের মধ্যে উৎপাদন শুরুর আশা করছে।
জয়ফুল গার্মেন্টের কারখানায় বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে হান্টিং স্যুট, ওয়াটারপ্রুফ আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, পাফার পারকাসহ বিভিন্ন শীতের পোশাক রয়েছে। উৎপাদিত এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও জানান, বিদ্যমান অবকাঠামো সংস্কার করে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।