এক আলোক-দিবস দূরত্বে পৌঁছাল মহাকাশযান ভয়েজার ১
দীর্ঘ ৪৯ বছরের যাত্রাপথে পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে যানটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
প্রায় পাঁচ দশকের ঐতিহাসিক যাত্রা শেষে নতুন মাইলফলক স্পর্শ করেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। মহাকাশের অন্তহীন শূন্যতায় এগিয়ে চলা এই রোবটিক যানটি পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে। আলো ২৪ ঘণ্টায় যে পথ পাড়ি দেয়, তাকেই এক আলোক-দিবস বলা হয়। নাসার হিসাব অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের তথ্যমতে, মানুষের তৈরি কোনো মহাকাশযান এই প্রথম পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়ল।
বিজ্ঞাপন
মহাশূন্যে রেডিও ওয়েভ আলোর গতিতেই চলাচল করে, যে কারণে এখন এই মহাকাশযানে কোনো নির্দেশনা পাঠাতে ২৪ ঘণ্টা এবং সেখান থেকে ফিরতি বার্তা পৃথিবীতে আসতে আরও ২৪ ঘণ্টা সময় লাগছে। এ কারণে ভয়েজার ১ ঠিক কোন সময়ে এই দূরত্ব অতিক্রম করেছে, তা নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নিশ্চিত হতে পারেনি নাসা। ভয়েজার মিশনের ব্যবস্থাপক কারিম বদরুদ্দিন এ প্রসঙ্গে বলেন, “এমন ঘটনা আগে কখনো ঘটেনি ও ভবিষ্যতেও হয়ত আর কখনো ঘটবে না। ফলে বিষয়টি ঠিক ততটাই অসাধারণ।”
সৌরজগতের পাশাপাশি আন্তঃনাক্ষত্রিক মহাকাশ নিয়ে গবেষণার লক্ষ্যে ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ভয়েজার ১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এর যমজ মহাকাশযান ভয়েজার ২-এর ১৬ দিন পর যাত্রা শুরু করলেও, ভয়েজার ১ এখন পর্যন্ত মানুষের তৈরি অন্য যেকোনো যানের চেয়ে বেশি পথ পাড়ি দিয়েছে। ২০১২ সালে ভয়েজার ১ আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে, যা ছিল এর যমজ যানের চেয়েও আগে। দীর্ঘ এই পথ চলায় যানটিকে বিভিন্ন কারিগরি ত্রুটির মোকাবিলা করতে হয়েছে। জেনারেটরে থাকা প্লুটোনিয়ামের পরিমাণ কমে যাওয়ায় যানটিকে সচল রাখতে নাসার প্রকৌশলী ও বিজ্ঞানীদের বেশ কিছু ফিচার বন্ধ করে দিতে হয়েছিল। তবুও ভয়েজার ১ তার ঐতিহাসিক যাত্রা অব্যাহত রেখেছে।
দীর্ঘ ৪৯ বছর ২ মাস ১১ দিন ভ্রমণের পর ভয়েজার ১ এখন পৃথিবী থেকে প্রায় ১৭ আলোক-বর্ষ দূরে সপ্তর্ষি মণ্ডলের প্রতিবেশী ‘গ্লিজ ৪৪৫’ নামের একটি তারার দিকে এগিয়ে চলেছে। মহাকাশের সুবিশাল গভীরতার বিচারে একে খুব বেশি দূরত্ব বলা না গেলেও, এই লক্ষ্যে পৌঁছাতে ভয়েজার ১-এর আরও প্রায় ৪০ হাজার বছর সময় লাগতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। তবে দীর্ঘ এই সময়ের মধ্যে আজকের পৃথিবীর কেউ আর বেঁচে থাকবেন না।