হাগিংফেইস সাইবার হামলার ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
নিরাপত্তা ঝুঁকি ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
নিরাপত্তা ব্যবস্থা বা তদারকি ছাড়াই বিপজ্জনক পণ্য তৈরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। কোনো অঙ্গরাজ্যের পক্ষ থেকে এআই মডেলের স্বয়ংক্রিয় সাইবার হামলার জেরে এটিই প্রথম মামলা। স্যান ফ্রান্সিসকোর একটি স্টেট কোর্টে দায়ের করা এই মামলায় ক্যালিফোর্নিয়ার ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন ও জননিরাপত্তা ঝুঁকিতে ফেলে জনদুর্ভোগ তৈরির অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে একটি ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের উন্নত এআই মডেলের স্বয়ংক্রিয় এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে এআই স্টার্টআপ ‘হাগিং ফেইস’-এ হ্যাকিং চালায়। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।
সোমবার এক সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাট অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, এই মামলায় কোম্পানির বিরুদ্ধে আইন লঙ্ঘন বন্ধ করার নির্দেশনা চেয়ে আদালতের আদেশের আবেদন করা হয়েছে। এছাড়া, এআই মডেলগুলোর পরীক্ষা ও উন্নয়ন নিরাপদ উপায়ে নিশ্চিত করা এবং আইন লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা দেওয়ার দাবিও জানানো হয়েছে। রব বন্টা আরও বলেন, “হাগিং ফেইসের ওপর হামলাটি ছিল ওপেনএআইয়ের ভেতরের এমন এক সংস্কৃতির অনিবার্য ফল, যেখানে নিরাপত্তা ও জবাবদিহিতার চেয়ে প্রবৃদ্ধি এবং মডেলের দ্রুত বিকাশকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর হাগিং ফেইসের ঘটনা জানা থাকা ৮০টি ঘটনার একটি।”
মামলায় অভিযোগ করা হয়েছে, কোম্পানিটি নিরাপদ উপায়ে তাদের মডেলগুলো পরীক্ষা করার প্রচেষ্টা সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করেছে, যা অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইনের লঙ্ঘন। এছাড়া স্থানীয় সংস্থা ও সেবাসমূহ ব্যাহত করার মাধ্যমে ক্যালিফোর্নিয়াবাসীদের সম্পত্তির ব্যবহারেও বাধা তৈরি করেছে ওপেনএআই। হাগিং ফেইসের ঘটনার পর ওপেনএআই ব্লগ পোস্টে বলেছিল, হামলাটি ছিল ‘বিস্ময়কর এক সাইবার ঘটনা, যাতে আধুনিক সাইবার সক্ষমতা জড়িত ছিল’।
অস্বাভাবিক এআই আচরণ সম্পর্কে স্বচ্ছতার প্রয়োজনীয়তা স্বীকার করে ওপেনএআই জানিয়েছে, তারা নিজেদের সুরক্ষাবলয় আরও জোরদার করছে। গত ১৬ সেপ্টেম্বর কোম্পানিটি এ ধরনের ঘটনা প্রকাশের জন্য নতুন কাঠামো প্রকাশ করে, সেখানে বলা হয়, ‘গুরুত্ব নিশ্চিত না হলেও’ তারা স্বচ্ছতার পক্ষেই থাকবে। ওপেনএআই ও অন্যান্য এআই কোম্পানি এ ধরনের আরও বেশ কিছু এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা প্রকাশ করেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা ঘটার কয়েক সপ্তাহ বা মাস পর বা স্বাধীন গবেষকদের আবিষ্কারের পরেই কেবল তা প্রকাশ্যে এসেছে।
বিজ্ঞাপন
বর্তমানে জ্বালানি ও ব্যাংকিং খাত এবং জরুরি সেবার ক্ষেত্রে এআই ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় ট্রাম্প প্রশাসন ও মার্কিন আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়ছে। মার্কিন আইনপ্রণেতারা এআই নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ শক্তিশালী এআই মডেলগুলোর স্বাধীন নিরাপত্তা নিরীক্ষার জন্য বিলের প্রস্তাব করেছেন। এরইমধ্যে একাধিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তারা ওপেনএআইয়ের মডেলগুলোর নিরাপত্তা লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তদন্ত করছেন।
ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে ওপেনএআই বর্তমানে আরও বেশ কিছু অঙ্গরাজ্যের মামলার মুখে পড়েছে। গত মাসে আটটি অঙ্গরাজ্যের এক জোট যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, টিনএজারসহ ব্যবহারকারীদের নিজেদের বা অন্যদের ক্ষতির বিষয়ে উৎসাহিত করেছে চ্যাটজিপিটি। এছাড়া চ্যাটবটের নানা কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের মামলারও মুখে রয়েছে কোম্পানিটি। এর মধ্যে ফেব্রুয়ারিতে ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ-এ সংঘটিত এক গণগোলাগুলির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেই ৩০টির বেশি মামলা করা হয়েছে। ওপেনএআইয়ের একজন মুখপাত্র ওই গোলাগুলির ঘটনাকে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করে বলেছেন, কোম্পানিটি চ্যাটজিপিটির সুরক্ষাবলয় আরও জোরদার করেছে।