থানা পুড়িয়ে দিলে পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্কিট হাউসে সভা করেছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি · গোপালগঞ্জ
প্রকাশ:
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আইজিপি আলী হোসেন বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’ জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি জানান, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’ স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। (অশান্তি তৈরি করে) এমন (লোকজনের) সংখ্যা খুব বেশি নয়।’
পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি... পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।’
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কোনো অভিযান চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।’ এ সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের (আন্দোলনকারীদের) প্রতি আমাদের যেন স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যাওয়া না লাগে।’
এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ। সকালে ঢাকা থেকে গোপালগঞ্জ আসার পথে তাঁরা পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।
বিজ্ঞাপন
গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার পর সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল ও ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ পুলিশ, বিজিবি ও এসআরবির কর্মকর্তারা অংশ নেন।