ময়মনসিংহে নিষিদ্ধ দলের মিছিলে অংশ নেওয়ায় আটক ছয় কিশোর
পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
আটক হওয়া কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন দশম ও নবম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী ও জুতার দোকানের কর্মী হিসেবে কাজ করে।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত ব্যক্তিদের নেতৃত্বে মিছিলটি আয়োজিত হয় এবং মিছিলে অংশ নেওয়া কিশোরেরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।”
পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তে অন্যদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।