ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে এআই ব্যবহারের ঝুঁকি বাড়ছে
চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও ক্লডের মতো এআই প্ল্যাটফর্মে দেওয়া তথ্যের গোপনীয়তা ও ব্যবহার নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। স্বাস্থ্যপরামর্শ, মানসিক সংকট, সম্পর্কের জটিলতা, অফিসের গোপন নথি কিংবা ব্যবসায়িক পরিকল্পনার মতো সংবেদনশীল বিষয়ে মানুষ এখন চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লডের মতো প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে। তবে এসব প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য দেওয়ার পর তা কতটা নিরাপদ থাকে এবং কারা তা দেখতে পায়, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
বিজ্ঞাপন
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ক্লাউডভিত্তিক এআই প্ল্যাটফর্মে পাঠানো তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভারে প্রক্রিয়াজাত হয়। সেবার ধরন ও গোপনীয়তা সেটিংস অনুযায়ী এসব তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয় পর্যালোচনা কিংবা অনুমোদিত কর্মীদের মাধ্যমে পরীক্ষা করা হতে পারে। ওপেনএআই জানিয়েছে, নিরাপত্তা তদন্ত, কারিগরি সহায়তা, আইনি প্রয়োজন ও মডেলের উন্নয়নের জন্য অনুমোদিত কর্মী ও প্রতিনিধিরা ব্যবহারকারীর কথোপকথনে প্রবেশ করতে পারেন। গুগল জেমিনির ক্ষেত্রেও প্রশিক্ষিত মানব পর্যালোচকেরা ই-মেইল ও নথির সারসংক্ষেপসহ প্রয়োজনীয় তথ্য দেখতে পারেন।
অফিসের ক্ষেত্রেও এআই ব্যবহারের ঝুঁকি রয়েছে। প্রতিষ্ঠানের কম্পিউটারে নজরদারি সফটওয়্যার থাকলে কিংবা অফিসের ব্যবস্থাপনায় পরিচালিত এআই অ্যাকাউন্টে কর্মীরা কোনো তথ্য দিলে তা প্রতিষ্ঠানের অনুমোদিত প্রশাসকেরা সংগ্রহ করতে পারেন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারহ্যাভেনের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এআই টুলে পাঠানো তথ্যের ৩৯ দশমিক ৭ শতাংশ ছিল সংবেদনশীল করপোরেট তথ্য। এছাড়া আইবিএমের ২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচটি প্রতিষ্ঠানের একটিতে অননুমোদিত এআই ব্যবহারের মাধ্যমে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।
ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অধিকার থাকলেও বাস্তবে তা সবসময় সম্ভব হয় না। যদিও ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) ও সংযুক্ত আরব আমিরাতের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ব্যবহারকারীদের তথ্য সংশোধন ও মুছে ফেলার অধিকার দিয়েছে, তবুও নিরাপত্তা ও পরিচালনাগত প্রয়োজনে কিছু তথ্য সংরক্ষিত রাখা হয়। বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহার বন্ধ না করে ব্যক্তিগত ও করপোরেট অ্যাকাউন্টের পার্থক্য বুঝে এবং গোপন নথি শেয়ার না করে সচেতনভাবে এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।