পাত্রী দেখতে বেরিয়ে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে হত্যার পর খড়ের স্তূপে লুকিয়ে রাখা হয় মরদেহ
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি · সিরাজদিখান, মুন্সিগঞ্জ
প্রকাশ:
বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে আলমগীর হোসেনকে (৩৯) হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন তাঁর আপন ভাই ও ভাবি। মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি খড়ের স্তূপ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই হত্যার রহস্য উন্মোচন করেছে।
বিজ্ঞাপন
পিবিআইয়ের ভাষ্যমতে, স্বর্ণালংকার নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে। নিহত আলমগীরের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় বাদাম ও বুট ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।
গত ১১ নভেম্বর পাত্রী দেখার কথা বলে আলমগীরের বন্ধু মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩) তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ১৭ নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আলমগীরের মা ছায়েরা বেগম। একই দিন সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার একটি বাগান থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা খড়ের স্তূপ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। চেহারা বিকৃত থাকায় মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ।
আলমগীরের মা বাদী হয়ে সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এর পরের দিন বৃহস্পতিবার পিবিআই মুন্সিগঞ্জ জেলা স্বতঃপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে। পিবিআইপ্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং মুন্সিগঞ্জ জেলা ইউনিটের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার এক দিনের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই। গ্রেপ্তার করা হয় আলমগীরের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), ভাবি রিনা বেগম (২৪) এবং তাঁর দুই বন্ধু সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলামকে। পিবিআই জানায়, এক ভরি স্বর্ণালংকারের মধ্যে তিন আনা গোপনে বন্ধক রেখে আট হাজার টাকা নেওয়াকে কেন্দ্র করে ভাই ও ভাবির সঙ্গে আলমগীরের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে বন্ধু সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাহাঙ্গীর ও রিনা।
বিজ্ঞাপন
মামলার তদন্ত তদারক কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত আলমগীরের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), তাঁর স্ত্রী রিনা বেগম (২৪) এবং আলমগীরের বন্ধু সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণালংকার নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাদ্দাম ও শফিকুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।”
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, আলমগীরের আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি পুনরায় বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। নববধূর জন্য কিনে রাখা এক ভরি স্বর্ণালংকার তিনি প্রায় তিন মাস আগে ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনার কাছে জমা রাখেন। আলমগীরের অজান্তে ওই স্বর্ণালংকার থেকে তিন আনা স্থানীয় একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। বিষয়টি জানাজানি হলে আলমগীরের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বসে এবং সেখানে আলমগীরের স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, জাহাঙ্গীর ও রিনা স্বর্ণালংকার ফেরত না দিয়ে ঘটনার আনুমানিক ১০ দিন আগে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ১১ নভেম্বর সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে ডেকে নেন। রিকাবীবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁকে বালুচরের দিকে নেওয়া হয়। পথে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অটোরিকশায় ওঠেন।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, বালুচরের কালিরনগর এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তিরা আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। আলমগীর চিৎকার করলে তাঁকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর মরদেহ গোপন করতে খড় দিয়ে ঢেকে রেখে তাঁরা পালিয়ে যান। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার সাদ্দাম ও শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।