মিস ইউনিভার্সে স্পেনের প্রতিযোগীর গাউন ডিজাইন করলেন বাংলাদেশি তাসমিম জোবায়ের
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে তাসমিম জোবায়েরের নকশা করা পোশাকের নতুন সাফল্য
লাইফস্টাইল ডেস্ক · চট্টগ্রাম
প্রকাশ:
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মঞ্চে স্পেনের প্রতিযোগী সুসানা লুসিয়া মেদিনা পরেছেন বাংলাদেশের ডিজাইনার তাসমিম জোবায়েরের তৈরি একটি সোনালি রঙের গাউন। যেখানে মিস ইউনিভার্সের মতো বড় সুন্দরী প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা প্রায়ই বিদেশি গাউন পরে থাকেন, সেখানে তাসমিম জোবায়েরের এই ডিজাইনটি বিশেষ নজর কেড়েছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে প্রবাসী বাংলাদেশি তরুণ ডিজাইনার তাসমিম জোবায়েরের কাজ নতুন কিছু নয়। এর আগে ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে তাঁর নকশা করা পোশাকে নজর কেড়েছেন নাগমা মিরাজকর ও উর্বশী রাউতেলা। উর্বশীর পরা সেই স্প্রিং/সামার ২০২৬ কতুর গাউনে ছিল ক্রিস্টাল ও মুক্তার কাজ।
প্যারিস ফ্যাশন উইকে জিভঁশির স্প্রিং/সামার ২০২৬ কালেকশনেও কাজ করেছেন তাসমিম। কান থেকে শুরু করে প্যারিস ও ভেনিসের মতো আন্তর্জাতিক ফ্যাশনের গুরুত্বপূর্ণ নানা মঞ্চে নিজের কাজের উপস্থিতি নিয়মিত জানান দিচ্ছেন এই বাংলাদেশি ডিজাইনার।
মিস ইউনিভার্স ২০২৬-এর প্রাথমিক প্রতিযোগিতায় সুসানা লুসিয়া মেদিনার পরা এই স্কাল্পচারাল ইভনিং গাউনটিকে নিয়ে অনেক ফ্যাশন অ্যানালিস্ট ও বোদ্ধারা মত দিয়েছেন যে, এটি ছিল সেদিনের অন্যতম স্ট্র্যান্ড আউট গাউন লুক। মেটালিক এই গাউনে দেখা যাচ্ছে নজরকাড়া ডিজাইনের শোল্ডার, বডি হাগিং স্কার্ট আর একটির ওপর আরেকটি বসানো পাখার মতো এক্সটেনশন।
পোশাকটির পুরো নকশায় ফুটে উঠেছে স্পেনের ঐতিহ্যবাহী মোটিফের ছাপ। এই লুকটি সবার নজর কাড়ার পাশাপাশি তাসমিমের নামকে সামনে নিয়ে এসেছে, যা দেশের প্যাজেন্ট্রি ফ্যাশনে তাঁর ডিজাইন অন্তর্ভুক্ত করার আবশ্যকতা বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
চট্টগ্রামে জন্ম নেওয়া তাসমিম মাত্র ১৫ বছর বয়সে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা শুরু করেন। ২০১৯ সালে দুবাই ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে আন্তর্জাতিক অভিষেকে উপস্থাপিত হয় তাঁর কতুর সৃজন।