চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু
রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনের মাধ্যমে বাণিজ্য কার্যক্রমে গতি আনার লক্ষ্য নিয়ে এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনের জন্য ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে নতুন একটি সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। ‘স্মার্টার ট্রান্সজেকশন, স্ট্রংগার ট্রেড’ প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ট্রাস্ট ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এছাড়া ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। চুক্তি স্বাক্ষরের পর তা আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়।
ট্রাস্ট ব্যাংক জানায়, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বন্দর ব্যবহারকারীরা এখন আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে আর্থিক লেনদেন করতে পারবেন। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষ ও ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট এবং বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যাংকটির দাবি, এই সেবা দেশের সামগ্রিক বাণিজ্যব্যবস্থার ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।