আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ মোট আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।
বিজ্ঞাপন
বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তারা কাজ করছেন।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।