নামাজে সিজদার সময় পায়ের সঠিক অবস্থান ও নিয়ম
সিজদায় পায়ের আঙুল কিবলামুখী রাখা ও গোড়ালির অবস্থান নিয়ে সুন্নাহভিত্তিক নির্দেশনা
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
নামাজের প্রতিটি অঙ্গভঙ্গিতে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিজদার সময় পায়ের আঙুলের অবস্থান, কিবলামুখী থাকা এবং গোড়ালির অবস্থা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। হানাফি মাজহাব অনুযায়ী সিজদায় পায়ের সঠিক অবস্থানের বিস্তারিত নিয়ম নিচে তুলে ধরা হলো।
বিজ্ঞাপন
হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী, সিজদার সময় দুই পায়ের আঙুল ভাঁজ করে এমনভাবে রাখতে হবে যেন আঙুলের নিচের অংশ মাটিতে স্পর্শ করে এবং অগ্রভাগ কিবলার দিকে থাকে। এ বিষয়ে হজরত বারা ইবনে আজিব (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) সিজদা করার সময় পায়ের আঙুলগুলো কিবলার দিকে ফেরাতেন এবং দুই পায়ের মাঝে ফাঁক রাখতেন। (সুনানে বায়হাকি: ২ / ১১৩)
সিজদায় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা বা পৃথক রাখার বিষয়ে হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে (ইবনে খুজাইমা ৬৫৪), আবার হজরত বারা ইবনে আজিব (রা.)-এর বর্ণনায় ফাঁক রাখার কথা উল্লেখ রয়েছে (বায়হাকি ২ / ১১৩)। হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমরা গোড়ালির মাঝে স্বাভাবিক ফাঁকা রাখাকে অগ্রাধিকার দেন, তবে পা অস্বাভাবিকভাবে বেশি ছড়িয়ে দেওয়া যাবে না।
হানাফি ফিকহ অনুযায়ী, সিজদার সময় অন্তত এক পায়ের একটি আঙুল ন্যূনতম এক তাসবিহ পরিমাণ সময় মাটিতে রাখা ওয়াজিব। পুরো সময় দুই পা শূন্যে তুলে রাখলে সিজদা শুদ্ধ হবে না (মারাকিল ফালাহ; রদ্দুল মুহতার ১ / ৪৪৭)। তাই সিজদার পুরো সময় আঙুলগুলো মাটিতে রেখে সঠিকভাবে সিজদা করাই উত্তম।