স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনসহ দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তিনি নিজের উপস্থিতি নিশ্চিত করেন। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সকাল সাড়ে আটটায় বাসা থেকে বের হয়ে সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তিনি স্বর্ণদ্বীপে পৌঁছান। সেখানে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হয়।
অনুশীলনস্থলে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি টেকনিক্যাল ভেহিকেল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম পরিদর্শন করেন। এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করে। মহড়া শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।