পাবনায় বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
পাবনা জেলা প্রতিনিধি · পাবনা
প্রকাশ:
বৃষ্টিস্নাত বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা ও প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সুহৃদ, পাঠক ও শুভানুধ্যায়ীরা। ২০ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এই মিলনমেলার সূচনা হয় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বক্তব্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান এবং বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলাম নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আখতার জামান পত্রিকাটির সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রথম আলো যেন এক পূর্ণাঙ্গ প্রেমিকের মতো। একেকজন মানুষের পত্রিকাটির একেক পাতার ওপর আলাদা প্রেম জন্মেছে। আমি সম্পাদকীয় পাতা পড়লে, আমার ছেলে পড়ে খেলার পাতা আর স্ত্রী পড়ে নকশা। প্রতিটি পাঠক-পরিবারেই এমন নিবিড় টান দেখেছি। পাঠকের এই ভালোবাসা ও বিশ্বাসের ওপর দাঁড়িয়েই প্রথম আলো ২৮ বছরেও স্বমহিমায় অটল রয়েছে।’
জাতীয় চেতনা ও প্রতিকূলতার প্রসঙ্গ টেনে মো. আখতার জামান আরও বলেন, ‘“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”, স্বাধীনতার এত বছরেও আমরা আমাদের জাতীয় সংগীতকে হৃদয়ে ধারণ করতে পারিনি। সে কারণেই বারবার দেশে প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, এসেছে নানা আঘাত। সেই অভিঘাত থেকে প্রথম আলোও রেহাই পায়নি। তবু সব বাধা পেরিয়ে প্রথম আলো অটল থেকেছে; ভবিষ্যতেও এভাবেই অটল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’
আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার সদস্যরা। ফাহমিদা চাঁদনীর সংগীত এবং কৌমুদি সাম্যর কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। এছাড়া অতিথি শিল্পী হিসেবে সাংস্কৃতিক সংগঠন ‘সুরধারা’-এর পুনম প্রজ্ঞা ও শামীম সানি গান পরিবেশন করেন।