পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
প্রায় পাঁচ মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেল ৫১ বস্তা টাকা ও বৈদেশিক মুদ্রা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি · কিশোরগঞ্জ
প্রকাশ:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে সাতটায় মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর উদ্ধার করা হয় অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলে এই অর্থ গণনার কার্যক্রম, যা শেষ হয় রাত সোয়া ১০টার দিকে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ টাকা পাওয়া গেছে এবার। এর আগে চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। প্রায় পাঁচ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হলো।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। টাকা গণনায় আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রম দিয়েছেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালানোর পর দানের বাকি অর্থ ব্যাংকে জমা রাখা হয়। এ পর্যন্ত মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা জমা হয়েছে। বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।
মসজিদ কমিটির সভাপতি আরও জানান, মসজিদ ও এতিমখানার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের এই তহবিলের লভ্যাংশ থেকে সহায়তা দেওয়া হয়। এছাড়া মসজিদের পরিসর বাড়াতে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়—এমন বিশ্বাস নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ এখানে অর্থ ও স্বর্ণালংকার দান করে থাকেন।