পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক · কিশোরগঞ্জ
প্রকাশ:
কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাঁর পদত্যাগ কার্যকর করার কথা জানিয়েছেন। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে বিষয়টি অবহিত করেন এবং জানান যে ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি হাতে পেয়েছেন।
বিজ্ঞাপন
পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লেখেন, “পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।” জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত বলেও চিঠিতে উল্লেখ করেন।
কিশোরগঞ্জের জনগণের সেবা করার সুযোগ পাওয়াকে নিজের জীবনের বিরাট সম্মান ও গৌরব হিসেবে উল্লেখ করে ওসমান ফারুক আশা প্রকাশ করেন যে, তাঁর এই সিদ্ধান্তে সংসদ সদস্য ও স্থানীয় জনগণ হতাশ হবেন না। দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি স্পিকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ার কারণে ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল, যা তাঁর এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে।
পেশায় কৃষি অর্থনীতিবিদ ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি খালেদা জিয়ার আহ্বানে রাজনীতিতে আসেন। ২০০১ সালে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরার পর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হন।