ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সভা
নতুন বছরের কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন সংগঠনের সদস্যরা।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি · সাতক্ষীরা
প্রকাশ:
সাতক্ষীরা বন্ধুসভার চলমান সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গত ২০ নভেম্বর রাতে একটি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নতুন বছরের কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহর সঞ্চালনায় আয়োজিত এই সভায় নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারী সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতামত দেন।
সংগঠনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস সভায় বলেন, ‘আবহাওয়া কিংবা পরিস্থিতি যেমনই হোক, সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আগামী দিনে যারা নতুন নেতৃত্বে আসবে, সবাই মিলে সাতক্ষীরা বন্ধুসভার সব কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’ এ সময় তিনি নতুন বন্ধুদের জন্য সংগঠনের গঠনতন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও হোসেন আলী। এছাড়া বন্ধু ইব্রাহিম খলিল, সাজিদুল ইসলাম, মুশফিক উর রহমান, হুমাইরা মিমি, আবরার আশিক, সাজেদুল ইসলাম, তন্ময় ও ওসমানসহ সংগঠনের অন্য সদস্যরাও সভায় অংশ নেন।