রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা গ্রেপ্তার
লালবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধেশ্বরীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে ডিএমপি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর লালবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পরিচালিত এই অভিযানের তথ্য ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইফতেখার চৌধুরী (৩৩), কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বাদল (৩৯) এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ (৫৮)।
লালবাগ থানা-পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে নিউ পল্টন লাইন এলাকা থেকে ইফতেখার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ও পরিবেশবিষয়ক উপসম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
অন্যদিকে, যাত্রাবাড়ী এলাকা থেকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) আবুল হাসেম ওরফে বাদলকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্যমতে, জনপথ মোড় এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল সরবরাহের সঙ্গে হাসেমের সম্পৃক্ততা পাওয়া যায়। পুলিশ জানায়, তিনি চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক এবং ককটেল জোগানদাতা হিসেবে কাজ করছিলেন; এছাড়া তিনি শেখ হাসিনা বিপ্লবী পরিষদের সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও আজ বেলা সাড়ে তিনটার দিকে ডিবির গুলশান বিভাগ রমনা থানার সিদ্ধেশ্বরী লেনের নিজ বাসা থেকে আনোয়ার পারভেজকে গ্রেপ্তার করে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যার অংশ হিসেবে ইফতেখারকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে প্রক্রিয়া চলছে।