সাইবার আইন সংশোধনে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি দেখছে অ্যামনেস্টি
প্রস্তাবিত খসড়ায় আধেয় নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
অনলাইনে মতপ্রকাশসংক্রান্ত বাংলাদেশের আইনগুলোতে প্রস্তাবিত সংশোধন কর্তৃপক্ষগুলোকে আধেয় নিয়ন্ত্রণের ব্যাপক ও স্বেচ্ছাচারী ক্ষমতা প্রদান করবে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল মঙ্গলবার লন্ডনভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রস্তাবিত পদক্ষেপগুলো মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে সীমিত করতে পারে।
বিজ্ঞাপন
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর নতুন খসড়ায় সরকারি সংস্থাগুলোকে অনলাইনের আধেয় মুছে ফেলা, ব্লক করা কিংবা স্থানান্তরের ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। যেসব বিষয় দেশের অখণ্ডতা বা মর্যাদা ক্ষুণ্ন করে অথবা ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে পারে, এমন অস্পষ্ট সংজ্ঞার ভিত্তিতে এসব ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। অ্যামনেস্টির ভাষ্যমতে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এসব কারণ মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার জন্য আইনসিদ্ধ নয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেন, “যেকোনো বিধিনিষেধকে আইনসম্মত হতে হবে, তার বৈধ উদ্দেশ্য থাকতে হবে এবং তা প্রয়োজনীয় ও সমানুপাতিক হতে হবে। এসব শর্ত একসঙ্গে পূরণ করতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের এমন সাইবার আইন প্রণয়নের চেষ্টা করা উচিত, যা নাগরিকদের সুরক্ষা দেয়, তাঁদের কণ্ঠরোধ করে না।”
প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবিত সংশোধনীতে মানহানি, অপমান বা বুলিং হিসেবে গণ্য আধেয় মুছে ফেলা বা স্থানান্তরের বিষয়ে বিস্তারিত বলা হলেও এর সংজ্ঞা অত্যন্ত বিস্তৃত। অ্যামনেস্টি সতর্ক করেছে যে, এই অস্পষ্টতার সুযোগ নিয়ে অনলাইনে আইনসম্মত মতপ্রকাশের বিরুদ্ধেও অপব্যবহার হওয়ার ঝুঁকি রয়েছে।